ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক)
ভাংচুর ও চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা থেকে গ্রেফতার
করা হয়েছে।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গত শনিবার (৩১ আগস্ট) ঢামেকের ওটিতে ঢুকে
নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ
দেখে দোষীদের শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় শিক্ষকসহ চারজনের
বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড
টেকনোলজির (বিইউবিটি) শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এছাড়া ৪০-৫০
জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এজাহার নামীয় আসামিরা হলেন বিইউবিটির শিক্ষক
শাহরিয়ার অর্নব, শিক্ষার্থী সঞ্জয় পাল জয়, সহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন।
গতকাল রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের
অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।










