নতুন করে প্রায় আট হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘আমাদের কাছে তথ্য আছে প্রায় আট হাজার রোহিঙ্গা ঢুকে গেছে। এটা কীভাবে ঠেকানো যায় আমাদের চেষ্টা করতে হবে। আমরা নীতিগতভাবে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার পক্ষে না। উপদেষ্টা পরিষদের সভায় এটা নিয়ে আগামী দু-তিনদিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে। আমাদের এটা ঠেকানোর চেষ্টা করতে হবে।’ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেকোনো সীমান্ত সিল করা কঠিন। আমরা এটা স্বীকার করি। এখানে অনেকগুলো সোর্স কাজ করে, স্থানীয় লোকজনেরও কারো কারোও স্বার্থ জড়িত আছে—সব মিলিয়ে এ অনুপ্রবেশ ঘটে। সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর।’
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশীর সাধারণ ক্ষমা পাওয়াকে দেশের জন্য বিরাট সাফল্য বলে মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন মানুষকে দীর্ঘমেয়াদি জেল দেয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদের ক্ষমা করে দেয়ার জন্য। ইউএইর প্রেসিডেন্ট ড. মুহাম্মদ ইউনূসের প্রতি সম্মান দেখিয়ে তাদের ক্ষমা করে দিয়েছেন।’
ইউএইর প্রেসিডেন্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ক্ষমা পাওয়ায় এ ৫৭ জন এখন মুক্ত মানুষ হিসেবে থাকতে পারবেন এবং তাদের পরিবার বড় বিপদ থেকে মুক্ত হয়েছে। আমি যতদূর জানি, তারা ইউএইতে কাজও করতে পারবেন।’










