প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদের সাহায্য করবেন।’
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনের খবর সংগ্রহ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাসির উদ্দিন বলেন, ‘সব জায়গায় মতভেদ থাকবে। ভিন্নমত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্নমত থাকবেই। এই জিনিসটা অনেকে মানতে পারে না। তবে আমার মানার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব।’
তিনি বলেন, ‘সবাই তালিয়া বাজাতে বাজাতে দেশটার ১২টা বাজিয়েছে। তালিয়া বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বললো, আর আমি তালি বাজাতে থাকলাম- এটা যাতে না হয়।’










