২ সেপ্টেম্বর দৈনিক বণিক বার্তা পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ‘২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের যাত্রা শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এতে দাবি করা হয়, ‘সংবাদে উপদেষ্টা মহোদয়ের বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। এ কথা ঠিক যে তখনকার ভয়াবহ বিদ্যুৎ ঘাটতি মোকাবেলার জন্য রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ২০০৭ সালে চালু করা হয়। এসব কেন্দ্র উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়। তখন সিদ্ধান্ত হয় যে রেন্টাল প্রকল্পের মেয়াদ শেষে নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে চলে আসবে এবং চুক্তির মেয়াদের পর তা আর বাড়ানো হবে না। উপদেষ্টা মহোদয় কখনো বলেননি যে উন্মুক্ত প্রতিযোগিতা ব্যতিরেকে সম্পাদিত কুইক রেন্টাল চুক্তি ভালো ছিল। এছাড়া বর্তমানে ২০১০ সালের আইনের আওতায় বাস্তবায়িত সব বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ শেষে নবায়ন বন্ধ করা হয়েছে।’
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে বলা হয়েছে, রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় শুরু হয়েছে। তবে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কুইক রেন্টালের যাত্রা হয়েছে এমনটি কোথাও বলা হয়নি। প্রতিবেদনের বিষয় নিয়ে কথা বলার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা জানিয়েছিলেন, স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার সাময়িক সমাধান হিসেবে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়টি ব্যাপকভাবে গৃহীত। উন্মুক্ত প্রতিযোগিতা ব্যতিরেকে সম্পাদিত কুইক রেন্টাল চুক্তি ভালো ছিল উপদেষ্টার বরাত দিয়ে এমন বক্তব্য প্রতিবেদনে লেখা হয়নি।










