আকস্মিক ও বড় ধরনের বন্যার পূর্বাভাস সময়মতো দিতে চীন, ভারত, নেপাল ও ভুটানসহ উজানের দেশগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ। এজন্য দেশগুলোর সঙ্গে আলোচনা ও যোগাযোগ জোরদার করা হবে।

গতকাল রাজধানীর পানি ভবনে আয়োজিত এক পর্যালোচনা সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা জানান। তিনি বলেন, ‘বন্যার পূর্বাভাস দিতে দেশের জনগণকে সহজ ভাষায় সতর্ক করতে হবে।’

সভায় উপদেষ্টা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী ও কুমিল্লায় গণশুনানি করা হবে। জনগণের মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সব ধরনের বাধা দূর করতে হবে। বিশেষ করে ফেনী নদীর মাছের ঘেরসহ সব অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ দেন তিনি।