গতকাল ভোর ৫টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভণ্ডল (২৪) ও মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)। তাদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সারোয়ার আলম খান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে এক নারী তার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে ঢাকা থেকে পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় বাস থেকে নামেন। ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট এলাকায় তিনজন তাদের পথরোধ করে।
ভুক্তভোগীদের অভিযোগ, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। তবে মোজাহিদপুর এলাকায় গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে ছিটকে পড়ে। এরপর স্থানীয় লোকজনের মারধরে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে দুজনের মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।










