প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে
সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন
লাফেভ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ
অনুষ্ঠিত হয়। সাক্ষাতে এসো শিখি প্রকল্পের আওতায় দুর্যোগ মোকাবেলা, স্যানিটাইজেশন এবং মোটিভেশনাল প্রোগ্রামগুলোতে ইউএসএইডের আরো সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
সাক্ষাৎকালে তারা
পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ
করে ইউএসএইডের সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত সবাই মিলে শিখি এবং এসো
শিখি প্রকল্পের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন তারা।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাস্টার ট্রেইনার ও শিক্ষকদের প্রশিক্ষণ, বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষায় ট্রেনিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও এসো শিখি প্রকল্পের আওতায় দুর্যোগ মোকাবেলা, স্যানিটাইজেশন এবং মোটিভেশনাল প্রোগ্রামগুলোতে ইউএসএইডের আরো সহযোগিতা কামনা করেন উপদেষ্টা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,
ইউএসএইডের সহায়তায় সবাই মিলে শিখি প্রকল্পের আওতায় দেশের ১১ জেলার ৫ হাজার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে
১৫ জেলার ১০ হাজার ৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে
শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।










