নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ (বিজ্ঞান,
মানবিক ও ব্যবসায় শিক্ষা ইত্যাদি শাখা) বিভাজন তুলে দেয়া হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী
সরকার নতুন শিক্ষাক্রমের এ বিষয়টিসহ অনেক কিছু বাদ দিয়ে আবারো মাধ্যমিকে বিভাজন চালুর
সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ২০১২ সালের শিক্ষাক্রমের অনেক বিষয় ফিরিয়ে আনা হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী যেসব শিক্ষার্থী আগামী বছর নবম শ্রেণীতে উঠবে তারা পুরনো শিক্ষাক্রম
অনুযায়ী শাখা ও গুচ্ছভিত্তিক পরিমার্জিত পাঠ্যবই (২০২৩ শিক্ষাবর্ষে ব্যবহৃত) পাবে।
তারা আগের মতো নবম ও দশম শ্রেণী মিলিয়ে দুই শিক্ষাবর্ষে পাঠ্যসূচি শেষ করে ২০২৭ সালে
এসএসসি ও সমমানের পরীক্ষা দেবে।
শিক্ষা মন্ত্রণালয় রোববার (১ সেপ্টেম্বর) পরিপত্র দিয়ে শিক্ষাক্রম,
পাঠ্যপুস্তকসহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানায়।










