যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনায় আজ বসতে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) বাংলাদেশকে পারস্পরিক শুল্ক চুক্তির দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের জন্য ৯-১১ জুলাই আমন্ত্রণ জানিয়েছে।

গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে পারস্পরিক শুল্ক আরোপের কথা জানিয়ে চিঠি দেন। বাংলাদেশ এক্ষেত্রে প্রথম দেশগুলোর মধ্যে একটি, যাদের সঙ্গে এই ঘোষণার পর পুনরায় আলোচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেবেন।

বাণিজ্য সচিব এবং একজন অতিরিক্ত বাণিজ্য সচিবসহ সিনিয়র কর্মকর্তারা আলোচনায় অংশ নিতে এরইমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন।

বাংলাদেশ আশা করছে ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে শুল্ক চুক্তি দ্রুত চূড়ান্ত করা যাবে।