জাপানে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৫ ঘণ্টা বিলম্বের পর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। আজ রাত ৮টার দিকে বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এদিনই রাত ৩টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির অবতরণের কথা রয়েছে।

জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও ত্রুটির কারণে ফ্লাইটটির উড্ডয়ন বিলম্বিত হয়।

এর আগে এদিন বিকাল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিজি ৩৭৭ ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে। ত্রুটি নিরসনে বিমানের উড্ডয়নকর্মী ও প্রকৌশল দল কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও পৌঁছান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যান তিনি।