আজ মঙ্গলবার রাত ১২টার পর (৪ সেপ্টেম্বর) যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈধ অস্ত্র জমা দেয়ার শেষ দিন আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর)। বুধবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাত ১২টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, জননিরাপত্তা বিঘ্নকারী সকল কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার সকল দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দল-মত নির্বিশেষে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।