বিদ্যুৎ খাতে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমরা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই এবং বিদ্যুৎখাতে চলমান অনিয়মের কাঠামো ভেঙে দিতে চাই।

আজ শনিবার (৩১ আগস্ট) সকালে খুলনার খালিশপুরে রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, এটা একটি নতুন বাংলাদেশ। এখানে সবার জন্য সমান সুযোগ রয়েছে। যেমন সংকট আছে, তেমন সমাধানও আছে। এতদিন আমাদের দেশে একটি উন্নয়নের গল্প শোনা যাচ্ছিল। মাথাপিছু আয় ও জিডিপি বাড়লেও এখন দেখা যাচ্ছে সেটা একটা ভ্রান্তি ছিল।

খুলনার পাওয়ার প্ল্যান্ট বিষয়ে তিনি বলেন, খুলনায় প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৮০০ মেগাওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট হয়েছে। যা জাতীয় জিডিপিতে যুক্ত হয়েছে। তবে গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্ট খুব সহজে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। আমরা আগে থেকেই জানতাম, বাংলাদেশে গ্যাসের রিজার্ভ কমে যাবে এবং এখান থেকে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ সম্ভব হবে না। ৮ হাজার কোটি টাকা খরচ হলেও মানুষ এ বিদ্যুৎকেন্দ্র থেকে কোনো উপকার পাচ্ছে না। এটিই হলো উন্নয়নের ভ্রান্তি।