স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ‘সংবিধানের আলোকে মন্ত্রণালয়গুলোকে প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের সর্বস্তরে আইনের শাসন নিশ্চিত করতে হবে।’

তিনি সরকারি আইন ও বিধি-বিধানের আলোকে ভবিষ্যতের উন্নয়ন ও কল্যাণের দিক বিবেচনা করে প্রশাসনিক দায়িত্ব সঠিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল মন্ত্রণালয়ে অনুষ্ঠিত স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এএফ হাসান আরিফ এসব কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি খেয়াল রেখে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’ স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব গ্রাম পর্যন্ত বিস্তৃত বিধায় মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি সঞ্চার করে জনগণের প্রত্যাশা পূরণের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে শোক প্রকাশ করে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন। এ সভায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার প্রধানরা ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।