নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর নিজ নিজ দায়িত্ব পালন করবেন বলে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আজ রোববার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নর যোগদানের আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা নিজ নিজ ক্ষেত্রে দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।

এছাড়া ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকে বর্তমানে চারজন ডেপুটি গভর্নর দায়িত্ব পালন করছেন। তারা হলেন—কাজী ছাইদুর রহমান, নূরুন নাহার, মো. খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ করেন। তারা অনিয়ম-দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে চার ডেপুটি গভর্নরসহ ছয় শীর্ষ কর্মকর্তার পদত্যাগের দাবি জানান। বিক্ষোভের এক পর্যায়ে অবরুদ্ধ করে জ্যেষ্ঠ ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষরও করিয়ে নেয়া হয়। পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডেপুটি গভর্নররা কার্যালয় ছেড়ে যান। একই সময় কেন্দ্রীয় ব্যংকের নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকেও নিজ নিজ কার্যালয় থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।

ওই দিনের পর থেকে চার ডেপুটি গভর্নরসহ অন্যরা বাংলাদেশ ব্যাংকে যাচ্ছেন না। এদিকে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গভর্নর আব্দুর রউফ তালুকদারও পালিয়ে গিয়েছেন। অজ্ঞাত স্থান থেকেই গত শনিবার তিনি অর্থ মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠান।