আগামী বছরের ৩০ জুনের পর আর একদিনও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন না ড. ইউনূস বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘ড. ইউনূসকে সবাই সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন।’
তারা বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন।’
শফিকুল আলম বলেন, ‘আরো অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারো জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন। ৩০ জুনের পরে যাবেন না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।’
এ সময় প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, 'তিনি বলেছেন যে আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টাবিলাইজ করার জন্য যত রকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে।'















