সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) প্রধান আনোয়ার হোসেন মঞ্জুকে
গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর
ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতারের তথ্যটি বণিক বার্তাকে নিশ্চিত করেন
ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, বিকালে আনোয়ার
হোসেন মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ পাঁচ থানায় মামলা রয়েছে।
তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী।
এর আগে তিনি আরো দুইবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী (যোগাযোগমন্ত্রী ও জ্বালানি ও খনিজ
সম্পদ বিভাগের মন্ত্রী) ছিলেন। মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত
হন। তার বাবা তোফাজ্জল হোসেন মানিক মিয়া দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা। আনোয়ার হোসেন
মঞ্জু ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দৈনিক ইত্তেফাকের সম্পাদক ছিলেন।










