সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। আজ সোমবার ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় নিয়ে মানুষের প্রত্যাশা অনেক। এ পথ কঠিন হলেও সরকার সেবক হিসেবে কাজ করার চেষ্টা করছে। রাজনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সমালোচনামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা প্রদানে সরকার কাজ করছে। ডিজিটাল সেবা সম্পর্কে জনগণের সচেতনতা এখনো পর্যাপ্ত নয়। তাই সারা দেশে ভূমিসেবা মেলার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, অনলাইন সেবা এখনো প্রান্তিক পর্যায়ে পুরোপুরি পৌঁছায়নি। জনগণকে এ বিষয়ে অবহিত করাই মেলার মূল উদ্দেশ্য।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ প্রাপ্তি, ডাকযোগে ভূমিসেবা ও ডিসিআর ফি পরিশোধসহ বিভিন্ন সেবা ডিজিটালাইজড করা হয়েছে। নাগরিকরা এখন ঘরে বসেই নির্ধারিত ফি দিয়ে সেবা নিতে পারছেন।
তিনি জানান, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকরা এসব সেবা সম্পর্কে ধারণা পাবেন এবং হয়রানিমুক্ত সেবা গ্রহণে উৎসাহিত হবেন।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনসহ সারা দেশে একযোগে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হবে। ১৯ মে সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ মেলার উদ্বোধন করবেন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।’
মেলার মাধ্যমে অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ঘরে বসে সেবা গ্রহণে উৎসাহ, ভূমি উন্নয়ন কর প্রদান বৃদ্ধি, অভিযোগ নিষ্পত্তি এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ে ৫টি, জেলা প্রশাসকের কার্যালয় ও ঢাকা মহানগরের সার্কেল অফিসে ১৫টি এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ২০টি করে স্টল থাকবে। পাশাপাশি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমিসেবা সহায়তা কেন্দ্র, বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় অডিও-ভিডিও প্রদর্শনী, কুইজ, সেমিনার, ভূমি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম থাকবে। এছাড়া ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেট, লিফলেট ও স্টিকার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










