হত্যাকাণ্ডের তদন্ত চেয়ে জাতিসংঘ ও প্রধান উপদেষ্টাকে বিএনপি চিঠি দেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি।’
গতকাল রাতে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি দলের এ সিদ্ধান্তের কথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, ‘এ আন্দোলনে বিজয়ের আগে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করেছে, সে ব্যাপারে আমরা প্রথম থেকে কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে এ বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে চিঠি পাঠাব। আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তাকে আমরা চিঠি দেব। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, যেখানে আমাদের প্রায় ৫০ জন শ্রমিককে বন্দি করা হয়েছে এ আন্দোলন সমর্থন জানানোর জন্য, আমরা তাদের মুক্তির জন্যও এ সরকারকে উদ্যোগ নিতে চিঠি দেব। এসব চিঠি দুই-একদিনের মধ্যে দেয়া হবে।’
প্রধান বিচারপতির নিয়োগকে সুখবর উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আন্তরিকতার সঙ্গে তাদের কাজ শুরু করেছেন। প্রথমে যেটা শুরু করেছেন সেটা নিঃসন্দেহে পুরো জাতির কাছে আশা সৃষ্টি করেছে। আপনি জানেন যে এরই মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন। নতুন একজনকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট। এটা আমরা মনে করি গণতন্ত্রের জন্য সুখবর। যে অবস্থা সৃষ্টি হয়েছিল বিচার বিভাগে, সেটা অনেকাংশে মুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।’
সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘শেখ হাসিনার পতনের দিন থেকে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার খবর আসছিল। হিন্দুসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরাও আক্রান্ত হচ্ছে বলে তথ্য পাওয়া যায়। বিষয়টি নিয়ে হিন্দু নেতারা কথা বলেছেন, উদ্বেগ এসেছে ভারত সরকারের পক্ষ থেকেও। আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে ও বিদেশে গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হচ্ছে। সেখানে বিভিন্নভাবে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি—এসব বিষয় তুলে ধরছে, যা আমরা মনে করি একেবারেই সঠিক নয়। কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে, যা সম্প্রদায়গতভাবে নয়, রাজনৈতিক ঘটনা ঘটেছে।’
হামলার এসব ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই দাবি করে ফখরুল বলেন, ‘এটার সঙ্গে আমাদের (বিএনপিকে) জড়িয়ে একটা খবর পরিবেশন করার চেষ্টা করা হচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’










