দিনাজপুর জেলার দিনাজপুর মিউনিসিপ্যাল স্কুলে গবেষণায় হাতেখড়ি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সময়ে অনুষ্ঠিত এ কর্মশালায় দিনাজপুর জেলা শহরের বিভিন্ন স্কুলের ৭ম হতে ১০ম শ্রেণীর গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউনিসিপ্যাল স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন। শিক্ষার্থীদের সহায়তায় উপস্থিত ছিলেন দিনাজপুর কালেক্টরেট স্কুলের আইসিটি শিক্ষক রাশিদুল ইসলাম সিদ্দিকি।

একই দিন বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত নীলফামারী জেলার সৈয়দপুরে ইন্টারন্যাশনাল স্কুলে একই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর শহরের বিভিন্ন স্কুলের ক্ষুদে গবেষক হতেচ্ছু শিক্ষার্থীরা এ কর্মশালায় অংশগ্রহণ করেছে। ভেন্যু স্কুলের সহকারী শিক্ষক মো. আসাদুল হক এবং আফসানা খাতুন শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন।

তিনটি অংশে বিভক্ত এ কর্মশালায় প্রথম অংশে গবেষণা কী, এর ধাপগুলো কী এবং ব্যক্তি ও রাষ্ট্রিক জীবনে এর উপযোগিতা আলোচনা করা হয়। দ্বিতীয় অংশে নৈতিকতা ও গবেষণার সম্পর্ক এবং ফিলোসফি অব সায়েন্স নিয়ে আলোচনা করা হয়। শেষে শিক্ষার্থীরা গ্রুপে বিভক্ত হয়ে তাদের আগ্রহের ক্ষেত্র লিখিত আকারে জানায়। এ আগ্রহের ক্ষেত্রের ওপর ভিত্তি করেই পরবর্তী সেশনে গবেষণা শিরোনাম ও পদ্ধতি নির্ধারণ করা হবে।

দেশের বিভিন্ন অঞ্চলে চিন্তার চাষ আয়োজিত স্কুল গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন। যারা গবেষণা শেষ করতে পারবে তাদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণরাই কেবল আগামী ১১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিতব্য ১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে অংশগ্রহণ করতে পারবে।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন চিন্তার চাষের নির্বাহী পরিচালক এস এম মেসবাহ আর রহমান এবং ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের রংপুর বিভাগের সমন্বয়ক ফওজিয়া ইয়াসমিন জলী, জেলা সমন্বয়ক মোরসালিন ইসলাম, নওশিন মদিনা সরকার, স্নেহা দাস, শিরিন আক্তার মায়া এবং তানভির তাহসান খোন্দকার।