সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের দল গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১ সেপ্টেম্বর) এ দল গঠন করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, বিশেষ তদন্ত শাখা থেকে অভিযোগটির অনুসন্ধান পরিচালনা করা হচ্ছে। দলনেতা উপপরিচালক মো. মঞ্জুর আলম। সদস্য হিসেবে রয়েছে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম, সাজ্জাদ হোসেন ও আল-আমিন।

দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট, অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে।