দীর্ঘ নয় বছর ভারতের শিলংয়ে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ দেশে ফিরছেন। বেলা ২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। গতকাল দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ৬ আগস্ট গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার ট্রাভেল পাস ইস্যু করায় তার দেশে ফেরার বাধা কেটে যায়। আজ বেলা ২টায় তিনি দেশে ফিরবেন। এরপর দলীয় কার্যক্রমে যুক্ত হবেন। 

৬২ দিন নিখোঁজ থাকার পর ২০১৫ সালের ১১ মে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের রাজধানী শিলংয়ে সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিনকে পাওয়া যায়। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গ্রেফতার করা হয় এবং ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে শিলং থানা পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। 

তবে বিএনপির অভিযোগ, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরার বাসা থেকে গোয়েন্দা সেজে একদল লোক সালাহউদ্দিনকে অপহরণ করে। ২০১৮ সালের ২৬ অক্টোবর শিলংয়ের একটি আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ থেকে খালাস দেন। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি উচ্চতর আদালত এ রায় বহাল রাখেন। একই সঙ্গে তার বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিতে ভারত সরকারকে নির্দেশ দেয়া হয়।