কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদুল হক ওরফে গন্ডারকে রাজধানীর বংশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছিলেন এই আসামি।
র্যাব-৩ এর একটি দল আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বংশাল থেকে তাকে গ্রেফতার করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে অস্থিরতা ও সহিংসতার মধ্যে গত ৬ আগস্ট বিকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দেয়াল টপকে ২০৯ বন্দি পালিয়ে যায়। তাদের মধ্যে একজন এমদাদুল হক গন্ডার।
১১ বছর আগে রাজধানীর মিরপুরে স্টেশনারি দোকানদার কাজী জহুরুল ইসলাম বাবু হত্যায় এমদাদুল হক ওরফে গন্ডারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ২০২২ সালের ৩০ মে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।










