সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। তিনি সোমবার (২ আগস্ট) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে ছাত্র নেতারা দেশের সীমান্তবর্তী কোনো কোনো এলাকা যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ অন্যান্য কিছু স্থানে বিক্ষিপ্তভাবে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাংচুর ও তাদের ওপর হামলা করেছে মর্মে অভিযোগ করেন। এ সময় আইজিপি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স সংখ্যালঘুদের ওপর হামলার সবগুলো ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে তদন্তের জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছে। এ ধরনের হীন কর্মকাণ্ডে লিপ্ত অপরাধীকে গ্রেফতারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিম ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্যও যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। তিনি সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।