সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

বিচারপতি আবদুর রউফ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, বিচারপতি আবদুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।