ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নিয়মিত
কর্মসূচির মাধ্যমে এডিস মশার প্রজননস্থল নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণের আশা করছেন সিটি
করপোরেশন প্রশাসক ড. মুহ. শের আলী।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনে মশক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম তদারকি শেষে গণমাধ্যমের
সঙ্গে আলাপে এ আশার কথা জানান প্রশাসক।
ঢাদসিক প্রশাসক বলেন, এডিস মশার লার্ভা বিনষ্ট
এবং জীবন্ত মশা নিধনের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিতভাবে লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং
করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঢাকা দক্ষিণ
সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর তালিকা
ও ঠিকানা অনুযায়ী বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে থাকি। সেই বিশেষ কার্যক্রম
কীভাবে পরিচালনা করা হয় তা আপনারা প্রত্যক্ষ করেছেন। এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন
ও সমবায় উপদেষ্টা ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক কার্যক্রম আরো সুন্দর, সুষ্ঠু এবং
সুচারুভাবে করার নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডেঙ্গু
নিয়ন্ত্রণে নিয়মিত এবং বিশেষ কর্মসূচি পরিচালনা করে চলেছে। এ সকল কার্যক্রমের মাধ্যমে
এবার সফলভাবে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করতে পারব বলে আমরা আশাবাদী।
ডেঙ্গু নিয়ন্ত্রণে এ বছরের প্রাকৃতিক পরিবেশ
অনুকূলে ছিল উল্লেখ করে ঢাদসিক প্রশাসক ড. শের আলী বলেন, আপনারা জানেন, তাপমাত্রা ৩৫
ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে এডিস মশা বেঁচে থাকতে পারে না। এ বছর একটি নির্ধারিত সময়
পর্যন্ত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। ফলে, মশার ডেনসিটি অনেকটাই কমে গেছে
এবং পরিবেশ-পরিস্থিতি আমাদের জন্য অনেকটাই অনুকূলে ছিল। আমরা আশাবাদী, এ বছর কোনো সমস্যা
হবে। কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিকভাবে রেসপন্স করব।










