খুলনার পাইকগাছা উপজেলার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে পাইকগাছার শিববাটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-ভ্যানচালক পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন (৬০), মোটরসাইকেল আরোহী গড়ইখালীর হারুন গাইনের ছেলে মাহবুব গাইন (২৮) ও পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবিদুর মাস্টারের ছেলে মো. রিয়াদ গাজী (২৫)।

ওসি বলেন, বুধবার সকালে খালি ভ্যানটি কয়রা থেকে পাইকগাছায় যাচ্ছিল। শিববাটি ব্রিজ এলাকায় বিপরীতমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে ওই ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তিনি আরো  জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।