সম্প্রতি আনসারদের আন্দোলনে ইন্ধনদাতা দুই আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনসার সদস্যরা হলেন মো. সোহাগ মিয়া ও মো. মিজানুর রহমান তুহিন। তারা আন্দোলনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

ঢাকা জেলা পুলিশ আনসার সদস্য মো. সোহাগ মিয়াকে গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাভার থেকে গ্রেফতার করেছে। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার পারমাস্তল গ্রামে।

অপর আনসার সদস্য মো. মিজানুর রহমান তুহিনকে কক্সবাজার জেলা পুলিশ একই দিন রামু থানাধীন কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম টিলাপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে গ্রেফতার করেছে। তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদরের চৌফলদন্ডী গ্রামের বাসিন্দা।