অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন। এখন থেকে
এটি প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল
বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। তখন থেকে
ড. ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অফিস করছিলেন।
শেখ হাসিনার দেশত্যাগের দিন গণভবনসহ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাংচুরের কারণে স্থাপনাগুলো অচল হয়ে পড়ে। টানা ১৫ দিন সংস্কার কাজের পর আজ থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস শুরু করেছেন। কার্যালয়ের বাইরে-ভেতরে নামফলক পরিবর্তন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বসার কক্ষও ঠিক করা হয়েছে।










