লেখক ও অভিনেতা আলী ওয়াহাব সৌহার্দ্যর ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাতিঘর প্রকাশনী। এক প্রতিবাদলিপিতে বাতিঘর প্রকাশনী জানিয়েছে, ফ্যাসিবাদী শক্তি কর্তৃক লেখক ও অভিনেতা আলী ওয়াহাব সৌহার্দ্যর উপর হওয়া পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলার তীব্র প্রতিবাদ জানায় তারা।

প্রতিবাদলিপিতে বলা হয়, বাতিঘর প্রকাশনী সর্বদা স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে অবস্থান করে। স্বৈরাচারবিরোধী অবস্থানের জন্য বাতিঘরের একজন লেখকের উপর এমন আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বাতিঘর প্রকাশনী পতিত ফ্যাসিস্ট কর্তৃক এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি জানায়।

বাতিঘর বলেছে, প্রায় দেড় ঘণ্টা একটি নির্জন জায়গায় আটকে রেখে দফায় দফায় দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয় তাকে। প্রহারের এক পর্যায়ে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য শাঁসানো হয়, যা থেকে স্পষ্ট হয় এটা পরাজিত ফ্যাসিস্ট শক্তির কাজ। অস্ত্রের মুখে তাকে দিয়ে মিথ্যা স্বীকারোক্তি দিতে ও ক্ষমা চাইতে বলে ভিডিও করে তারা। এসময় তারা মিথ্যা মামলায় পুলিশে ধরিয়ে দেয়া, সামাজিকভাবে হেনস্তা করাসহ নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে, প্রাণনাশের হুমকি দেয়। নিন্দনীয় এই হামলায় তার দুই হাত ভাঙে ও এক কানের পর্দা ফেটে যায়। তার কাছে বিপুল অংকের টাকা দাবি করে। নগদ অর্থ, এমনকি বিকাশ অ্যাকাউন্ট থেকেও টাকা ছিনিয়ে নেয় তারা।

উল্লেখ্য, গত ১৯শে আগস্ট একটি চক্র ‘প্রোডাকশন হাউজ’ পরিচয়ে সৌহার্দ্যর সঙ্গে যোগাযোগ করে ফিল্মের অডিশনে যেতে অনুরোধ জানায়। প্রতারণা ও সুস্পষ্ট চক্রান্তের মাধ্যমে ২০ তারিখ তাকে ডেকে নিয়ে ৭-৮ জন দুর্বৃত্তের একটি দল তার ওপর অতর্কিত হামলা করে। সেখানে স্থানীয়দের কাছে তাকে ‘ডাকাত’ বলে অভিযুক্ত করে এবং অস্ত্র ও নেশাদ্রব্যভর্তি একটি ব্যাগ তার কাছে পাওয়া গেছে বলে দাবি করে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।