বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার।’ 

গতকাল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও বুড়িচং উপজেলায় বন্যার্তদের জরুরি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণের পর উপদেষ্টা এ কথা বলেন। এ সময় শিশু ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের হেলথ কেয়ার প্রজেক্ট কনসালট্যান্ট ডা. রেহানা খানমের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল বন্যায় অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে।  

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নিজ উদ্যোগ ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, এসএস গ্রুপ ও অন্যান্য সংগঠনের সহায়তায় বন্যার্তদের মধ্যে প্রায় ৭০ হাজার পিস ওষুধ এবং পাউডার দুধ, চকোলেট, ম্যাংগো বার, বিস্কুট, চিপস ও ১ হাজার প্যাকেট শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।