ঈদুল আজহার ছুটিতে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। এতে করে বন্ধের সময় আমদানি-রফতানি কার্যক্রম সচল থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ সংক্রান্ত আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মুকিতুল হাসান (কাস্টমস নীতি) স্বাক্ষরিত আদেশে বলা হয়, দেশের আমদানি রফতানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশে আরো বলা হয়েছে, আগামী ৬ অথবা ৭ জুন বাংলাদেশে ঈদুল আযহা পালিত হতে পারে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ১০ দিন ছুটি ঘোষণা করেছে। পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।