কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের ৪২ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এছাড়া এ সময় বহু পুলিশ ও র‌্যাব সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি। 

গতকাল রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাশাপাশি এদিন সারা দেশে ৫৯৯টি থানার কার্যক্রম স্বাভাবিক হওয়ার পাশাপাশি রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন বলে জানায় পুলিশ সদর দপ্তর।

আইজিপি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে বহু পুলিশ ও র‌্যাব সদস্য আহত হয়েছেন। এর মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন। হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। যার মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করেছি।’