আবারো বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বরের জন্য ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ৩ টাকা ৬৫ পয়সা করে দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে হিসাবে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম আগস্টের তুলনায় ৪৪ টাকা বেড়ে ১ হাজার ৪২১ টাকা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।

এর আগে টানা তিন মাস কমার পর গত জুলাই ও আগস্ট মাসেও গ্যাসের দাম বেড়েছিল। ওই দুই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে যথাক্রমে ৩ ও ১১ টাকা। গৃহস্থালির কাজে ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

গতকাল বেলা ৩টায় এক সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, ‘‌সৌদি কার্গো মূল্য (সিপি) ও ডলারের মূল্য পরিবর্তিত হওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।’

এলপিজি তৈরির কাঁচামাল প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি সিপি নামে পরিচিত। এ দুই উপাদানের অনুপাত ৬৫:৩৫ ধরে ও এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

সেপ্টেম্বরের জন্য প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৫৯৮ দশমিক ৫০ ডলার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণের কথা জানায় বিইআরসি।

বিইআরসি চেয়ারম্যান জানান, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি এলপিজির দাম ১১৪ টাকা ৭৯ পয়সা থেকে ৩ টাকা ৬৫ পয়সা বাড়িয়ে ১১৮ টাকা ৪৪ পয়সা ঠিক করা হয়েছে। সে হিসাবে ১৫ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭৭৭ টাকা। এছাড়া ১৬ কেজি ১ হাজার ৮৯৫ টাকা, ১৮ কেজি ২ হাজার ১৩২ টাকা, ২০ কেজি ২ হাজার ৩৬৯ টাকা, ২২ কেজি ২ হাজার ৬০৬ টাকা, ২৫ কেজি ২ হাজার ৯৬১ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৫৫৩ টাকা, ৩৩ কেজি ৩ হাজার ৯০৯ টাকা, ৩৫ কেজি ৪ হাজার ১৪৫ টাকা ও ৪৫ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৩০ টাকা। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা ২৬ পয়সা, যা আগে ৬৩ টাকা ২১ পয়সা ছিল।