আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে দুই পুলিশ
সদস্য আহত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে
এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রঞ্জু মিয়া জানান, মিরপুর
পুলিশ লাইনস অস্ত্রাগারে সহকর্মীর মিস ফায়ারিংয়ে আল আমিন (৩০) নামে পুলিশের আরেক সহকারী
উপ-পরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া
হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া
জানান, মিরপুর থেকে আলামিন নামে এক পুলিশের এএসআইকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে
নিয়ে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে চিকিৎসক তাকে ভর্তি রাখেন।
তিনি বলেন, আল আমিন দারুস সালাম থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই)
হিসেবে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ
লাইনসে জমা দেয়া হয়। সোমবার দুপুরে অস্ত্র আনতে মিরপুর পুলিশ লাইনসে যান আল আমিনসহ
অনেকে। সেখানে অন্য এক সহকর্মীর হাত থেকে অসাবধানতাবশত পিস্তলের গুলি বের হয়ে আল আমিনের
পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে
নিয়ে আসেন সহকর্মীরা। তার চিকিৎসা চলছে।










