চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় ১-২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) চসিক ভবনের সম্মেলন কক্ষে প্রকাশক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠনের নেতাদের সমন্বয়ে বইমেলার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বইমেলা কমিটির আহবায়ক শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ও বইমেলা কমিটির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও বইমেলা কমিটির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবু প্রমুখ।

চসিক মেয়র বলেন, চট্টগ্রামে এ বছর ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজনের বিষয়ে কমিটি করা হয়েছে। সেখানে স্টল বরাদ্দসহ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবারের অমর একুশে বইমেলা হবে সর্বজনীন। পাঠক, লেখক, প্রকাশকসহ সর্বস্তরের পেশাজীবী ও জনসাধারণের অংশগ্রহণে বইমেলা মুখরিত রাখার সর্বাত্মক উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের প্রকৃত বন্ধু হলো বই। বইয়ের আলোয় আলোকিত হবে আমাদের নতুন প্রজন্ম।