বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর
হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ৬
নেতাসহ ৪০ জনের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর)
হাটহাজারী থানায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন রিয়াদ বাদী
হয়ে এ মামলা দায়ের করেন।
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন,
চবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। থানার তদন্ত
কর্মকর্তা এসআই হাসান এ নিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে
আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।
মামলার এজহারে বলা হয়,
গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আমি (বাদী)
সহ আমার অন্যান্য সহযোদ্ধারা ক্যাম্পাসে সমন্বয় করে মিছিল মিটিং, সমাবেশ করেছি। গত ১৪ জুলাই (রোববার) রাত ১১টা ১০ মিনিটে জিরো পয়েন্ট সংলগ্ন
এলাকায় আমরা মিছিলে জড়ো হয়ে ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম
রাজাকার’ শ্লোগান দিচ্ছিলাম। ওই সময় বিবাদীসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জন রাত সাড়ে ১১টার
দিকে দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র হাতে হামলা ও ককটেল নিক্ষেপ করতে থাকে। বিবাদীগণ ও
আরো অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মী আমাদের বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলন বানচাল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।










