বিএনপির মূল কাজ এখন জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, মানুষকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। জাতির সামনে নতুন স্বপ্ন তুলে ধরেছিলেন। জিয়াউর রহমানের দূরদৃষ্টি বাংলাদেশকে আজকের বাংলাদেশে পরিণত করেছে। তার দূরদর্শিতায় বহুদলীয় গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতির ভিত্তি স্থাপিত হয়েছিল। যা বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছে।

তিনি বলেন, বাংলাদেশকে আধুনিক বাংলাদেশে রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সে আদর্শকে বাস্তবায়ন করা। এছাড়াও দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী চন্দ্রিমা উদ্যান এলাকায় জড়ো হয়েছিলেন শ্রদ্ধা জানাতে। অনেকে খণ্ড খণ্ড মিছিল করছিলেন চন্দ্রিমা উদ্যানের পাশে বেগম রোকেয়া সরণিতে। এতে বিজয় সরণি মোড় থেকে আশপাশে যানজটের সৃষ্টি হয়।