বস্ত্র ও পাট খাতে পাকিস্তান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের বিস্তারিত তুলে ধরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগে পাকিস্তানি বিনিয়োগকারীদের এগিয়ে আসতে বলেছেন। বিনিয়োগকারীরা এসব মিলে পাট ও বস্ত্রসহ অন্যান্য সংশ্লিষ্টখাতে বিনিয়োগ করতে পারে।

জবাবে পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ দেশের পাট থেকে তৈরি, সোনালি ব্যাগের ভূয়সী প্রশংসা করেন তিনি। আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপোতে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণও জানান তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এ সময় উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়ে জোরারোপ করেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানি ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।

এরপর পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করে জানান, এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সে লক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে।

আসিফ আহমেদ বলেন, এর প্রতিক্রিয়ায় নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত সরাসরি শিপিংয়ের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন। দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও সৌহার্দ বাড়াতে হবে বলেও উল্লেখ কনে তিনি।