পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা ও এতে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে অনুষ্ঠিত ওআইসির ৫০তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কাউন্সিলে (সিএফএম) বাংলাদেশের বীর ছাত্রদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় বিপ্লবের ঘটনাগুলো তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯-৩০ আগস্ট ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে অনুষ্ঠিত সিএফএমে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

তৌহিদ হোসেন জোরপূর্বক গুম হওয়া সব ঘটনা ও ব্যক্তির সুরক্ষাসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে বাংলাদেশের যোগ দেয়ার বিষয়ে বৈঠককে অবহিত করেন। ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততা ও ফিলিস্তিনে শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠা, ইসলামোফোবিয়া, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা-অপরাধের নিন্দা এবং পরিবহন ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।