প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকটি শুরু হয়।

মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা অংশ নিয়েছেন। উপস্থিত সম্পাদকদের মধ্যে ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের সম্পাদক নূরুল কবির, যুগান্তরের সম্পাদক সাইফুল আলম এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্বরা।

পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকের কাছে বৈঠকের বিষয়ে আলোচনা করেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।

মাহ্‌ফুজ আনাম উল্লেখ করেন, তারা চান, দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে তারা বিভিন্ন আইন-কানুন সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকেদের বিরুদ্ধে যত্র-তত্র খুনের মামলা বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।