বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
আহমেদ বলেছেন, ছাত্র ও জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ
করতে হবে। আজ রোববার (১১ আগস্ট) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর
রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে ২টার পর দিল্লি থেকে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন বলেন, দেশে কর্তৃত্ববাদের কোনো
জায়গা হবে না। ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ
করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র
থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল মত নির্বিশেষে গণতন্ত্রের
সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। বাংলাদেশ একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে
দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে
তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে
নিখোঁজ হন সালাউদ্দিন। তিন মাস পর সেই বছরই ভারতের মেঘালয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার
করে। সে সময় বিবৃতিতে জানানো হয়, শিলংয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয়রা
পুলিশকে ফোন করে। বৈধ নথিপত্র না থাকায়, ওই বছর ২২ জুলাই তার বিরুদ্ধে আনা হয় ভারতে
অনুপ্রবেশের অভিযোগ। ২০১৮ সালে, নিম্ন আদালতে এবং ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও
খালাস পান সালাহউদ্দিন আহমেদ এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।










