কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে হরতাল চলাকালে কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বুধবার (২২ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নম্বর আদালতের বিচারক আফরোজা শিউলি এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় হরতালের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। পরবর্তীতে চার্জশিটে আরো ১০ জনের নাম যুক্ত করে পুলিশ।
মামলাটি চার্জ গঠনের জন্য সোমবার (২০ জানুয়ারি) আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক খালেদা জিয়াসহ ৩৬ জনকে অব্যাহতি দেন। তবে বাকি ছয় আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে বলে জানানো হয়েছে।
কুমিল্লা জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিঙ্কু বলেন, এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মামলা বলে প্রমাণিত হয়েছে।










