স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান-প্রদানসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শুরুতে উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বৈঠকে দুই পক্ষ নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্তে হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। হাইকমিশনার বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চাইলে তিনি তাকে এ বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করেন। উপদেষ্টা এ সময় জানান, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোনো শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে।

উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। হাইকমিশনার এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে বলে জানান। হাইকমিশনার এ সময় বলেন, স্বল্প পরিসরে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে বাংলাদেশী নাগরিকদের জন্য ভিসা চালু হয়েছে, তবে তা মূলত জরুরি চিকিৎসা ও শিক্ষার্থীদের জন্য।

বৈঠকে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার Pawankumar Tulshidas Bade, প্রথম সচিব (রাজনৈতিক) Gokul V. K. সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।