বিডিআর হত্যাকাণ্ডের
পর শেখ হাসিনার কর্মকাণ্ড রহস্যজনক ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির
সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি
চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে
আলাপে তিনি এ কথা বলেন।
মেজর হাফিজ বলেন, আওয়ামী
লীগ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো ধোঁয়াশা
রয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ড ছিল অত্যন্ত ন্যাক্কারজনক। বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর
রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্যে এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
তিনি বলেন, বিডিআর
হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের দাবি জানানো হয়েছে। কমিশন গঠন করতে প্রধান উপদেষ্টার
কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন করে তদন্ত করার উদ্যোগ নেয়ায়
তাকে ধন্যবাদ।
পিলখানা হত্যাকাণ্ড
নিয়ে হাফিজ উদ্দিন বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিক বল ভেঙে ব্যর্থ রাষ্ট্রে
পরিণত করতে এই হত্যাকাণ্ড। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ অনেকেই এতে জড়িত। বিডিআর প্রধান
শাকিল সেনাপ্রধানের কাছে সাহায্য চাইলেও সেনাবাহিনী পাঠানো হয়নি। বিদ্রোহের কথা শুনলে
বিদ্রোহ দমন করা সেনা কর্মকর্তাদের দায়িত্ব। সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পরপরই
সাঁজোয়া যানসহ মিলিটারি অ্যাকশনে যাওয়ার কথা থাকলেও সেনাপ্রধান তা করতে দেননি। সরকারপ্রধানের
ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ।










