সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও র‌্যাবের ৪২ জন সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। এছাড়াও আহত হয়েছেন বহু পুলিশ ও র‌্যাব সদস্য। রোববার (১১ আগস্ট) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।

মো. ময়নুল ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলনে আহত ৫০৭ জন পুলিশ ও র‍্যাব সদস্য চিকিৎসা নিয়েছেন রাজারবাগ পুলিশ হাসপাতালে। হামলায় গুরুতর আহত ২৭ পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিকভাবে সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশকে কাজে ফেরানোর উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ শুরু করেছেন। ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শুরু করে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক সদস্যরা কাজ শুরু করেছেন। ট্রাফিক জনবলের সমস্যা নেই। তবে যে সমস্যা রয়েছে তা হলো— তাদের মধ্যে একটি ভীতি কাজ করছে। এটি কাটিয়ে উঠতে ছাত্রদের অনেকেই কাজ করছে। ভিআইপি রোডে বেশি করে ট্রাফিক পুলিশ দিয়েছি। তাদের পাশাপাশি শিক্ষার্থীরা রয়েছে, স্কাউট ও বিএনসিসি রয়েছে। এ ছাড়া কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় এ জন্য আমরা ছাত্রদের সমন্বয়কদের সঙ্গেও যোগাযোগ রাখছি।