ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করছে বলে অভিযোগ করে তা প্রতিরোধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে সোমবার (১২ আগস্ট) সকালে বনানী কবরাস্থানে তার কবরে পুস্পমাল্য অর্পণের পর এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশে প্রতি বিপ্লবের যে আশঙ্কা আছে সেই আশঙ্কা থেকে দেশকে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ থেকে, রাস্তায় থেকে তাদের(পতিত স্বৈরাচারের) চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন।

শেখ হাসিনার বক্তব্য ‘বাকোওয়াজ’ আখ্যা দিয়ে তিনি বলেন,  নিজে যখন ব্যর্থ হন তখন অন্যের ঘাড়ে দোষ চাপানো তাদের একটা বৈশিষ্ট্য। আমি স্পষ্ট করে বলতে চাই, এটা ছিল ছাত্র-জনগণ-নাগরিকের একটি স্বতস্ফূর্ত গণজাগরণ। সেই গণজাগরণকে সুসংহত করাই আমাদের একমাত্র কাজ। শেখ হাসিনা কিংবা অন্যান্যরা এখন এই গণজাগরণকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। জনগণের কাছে আমাদের আবেদন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। সকলে ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে, এই যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে সুসংহত করার জন্য কাজ করুন।

এ সময় দ্রুত নির্বাচনের দাবিও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমরা আশা করছি নতুন যে অন্তর্বতীকালীন সরকার তারা একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। আমি অনুরোধ করব, দ্রুত নির্বাচনের জন্য একটি ক্ষেত্র তৈরি করা ও সব বিপদ কাটিয়ে সত্যিকার অর্থেই মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।