আগামী শনিবার থেকে মেট্রোরেল চালু হচ্ছে। এরই মধ্যে ট্রেন চালুর প্রস্তুতি নিতে শুরু করেছে মেট্রোরেল পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনে যাত্রী পরিবহনের আগে কয়েকধাপে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর যাত্রীবিহীনভাবে ট্রেন পরিচালনা করা হবে। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পর যাত্রী নিয়ে ট্রেন চালানো হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আজ রোববার (১১ আগস্ট) সচিবদের নিয়ে একটি সভা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় মেট্রোরেল চালানোর বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা চান মহাসড়ক বিভাগের সচিব। এ সময় দ্রুত মেট্রোরেল চালুর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
মেট্রোরেল চালুর বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বণিক বার্তাকে বলেন, ‘নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম বর্তমানে চলমান। এগুলো শেষ করে যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচলে সর্বোচ্চ সাত দিন সময় লাগতে পারে। এর আগেও চালু হওয়ার সম্ভাবনা আছে।’










