বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিনব্যাপী অবস্থান কর্মসূচির পর অবশেষে শিক্ষা ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ বা অটোমেশনের জন্য কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার পর এ কারিগরি কমিটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অটোমেশন চালুর দাবিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন- পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান ও সদস্য সচিব করা হয়েছে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজাকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- উপ-উপাচার্য (শিক্ষা) ও আইসিটি সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, একই বিভাগের অধ্যাপক ড. মো. মুশফিক আনোয়ার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, আইআইটির অধ্যাপক ড. শামীম আল মামুন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. রাফসান জানি।

কমিটিকে পরবর্তী ৩ (তিন) কার্য দিবসের মধ্যে একটি বাস্তবমুখী, টেকসই ও গতিশীল কর্মপরিকল্পনা তৈরি করে তা গণমাধ্যমের সামনে উপস্থাপন করার নির্দেশনা দেয়া হয়। কমিটিতে প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতা উপাচার্যকে দেয়া হয়েছে।