শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসঙ্গে শ্রমবাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

আজ সোমবার রাজধানীতে সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

মালয়েশিয়ার শ্রমবাজার কবে চালু হতে পারে—এমন প্রশ্নে আরিফুল হক চৌধুরী বলেন, ‘‌খুব তাড়াতাড়ি হবে।’ সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‌সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ।’

২০২৪ সাল থেকে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। সে সময় মালয়েশিয়া সরকার ঘোষণা দেয়, আগে অনুমোদন পাওয়া বাংলাদেশী কর্মীদের ৩১ মে’র মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। এরপর কর্মী ভিসায় নতুন করে কাউকে প্রবেশের সুযোগ দেয়া হবে না।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তৎপরতা দেখা যায়। এর অংশ হিসেবে তৎকালীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়া সফর করেন। সে সময় তিনি বলেছিলেন, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কর্মী নেবে মালয়েশিয়া। তবে পরবর্তীতে দেশটি কর্মী নিয়োগে ১০টি কঠোর শর্ত আরোপ করায় উদ্যোগটি বাস্তবায়ন হয়নি।

বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্বপূর্ণ এ শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে গত এপ্রিলে মালয়েশিয়া সফর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সেখানে শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়।