বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান গতকাল ফেনী জেলার দুর্গাপুরে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি দুর্গাপুর ও তৎসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এছাড়া বিএএফ শাহীন কলেজ, ঢাকার সব শিক্ষার্থীর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকারের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী বন্যাদুর্গত এলাকায় অব্যাহতভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এছাড়া বিমান বাহিনীর ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

এ সময় তিনি উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। —আইএসপিআর